অপেক্ষার প্রহর শেষ করে মেক্সিকো সিটিতে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এর মধ্যেই নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ১ থেকে ৭ জুনের ফিফা উইন্ডোতে বিভিন্ন দেশের প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টের ফলের ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে।
র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষে আছে। তবে বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে না, এমন একটি প্রচলিত ধারণাও আছে। এবার সেই ধারণা ভাঙার চ্যালেঞ্জ লিওনেল মেসির দলের সামনে। তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সই যথারীতি আছে।
অন্যদিকে, জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে জয় পেয়ে বাংলাদেশের পয়েন্ট ৩ দশমিক ৪০ বাড়লেও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ১৮১ নম্বর স্থানেই রয়েছে লাল-সবুজেরা।
জুন উইন্ডোতে বাংলাদেশ একটি ম্যাচ খেললেও সান মারিনো দুটি ম্যাচ খেলেছে। বাংলাদেশের কাছে হারের পর আজারবাইজানের বিপক্ষেও ১-২ গোলে পরাজিত হয় তারা। ফলে তাদের পয়েন্ট কমে ৭২১ দশমিক ২০-এ দাঁড়িয়েছে।

