ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:১০ এএম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন ২০২৬ (রোববার) ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে এয়ারলাইন্সের কর্মীদের নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।

মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশ্বাস করে, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।