ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০১:১৯ এএম
ছবি : সংগৃহীত

অবশেষে বহুল কাঙ্খিত সেই মুহূর্তের আগমন। বর্ণাঢ্য উদ্বোধণের মাধ্যমে শুরু হলো ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানের নির্ধারিত সূচি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে। কিঞ্চিত দেরিতে শুরু হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রায় ১৭ মিনিটের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপের।

অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ডটি।

এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। অবশ্য তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালুর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।

ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান।

এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।

এত এত পরিবেশনার পর সবাই অপেক্ষায় ছিলেন, কখন মঞ্চে উঠবেন শাকিরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। কলম্বিয়ান পপ তারকা হাজির হলেন। গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লেটস গো’। শাকিরার সঙ্গে একই সুরে গলা মেলালো পুরো আজতেকা। শাকিরার গানের পরই শেষ হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।