ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ, মরক্কোর বিপক্ষে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১১:০৪ এএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠেনি নেইমার। ফলে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের।

শনিবার (১৩ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এ সময় তিনি নিশ্চিত করেন, চোটের কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড।

আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করছি, আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরতে পারবে।’

মরক্কোর বিপক্ষে না খেলতে পারলেও পরবর্তী দুই ম্যাচে নেইমারকে পাওয়ার আশায় রয়েছে ব্রাজিল শিবির। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশা করছেন দলটির কোচিং স্টাফ।

উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। চোট নিয়ে শঙ্কা থাকলেও নানা জল্পনা-কল্পনার পর তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করেন কার্লো আনচেলত্তি।