ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:২২ পিএম
গ্রেপ্তার আল আমিন মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী, রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশি পাসপোর্টে ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আল আমিন মাদারীপুর সদর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের বাসিন্দা এবং রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মাদারীপুরের আওয়ামী লীগ নেতা আল আমিন মোল্লা মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসে প্রবেশ করেন। এক্সিট সিল দেওয়ার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে।

ইমিগ্রেশন কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় একটি মামলা রয়েছে। মামলা থাকায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে নাম এবং তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লা নামে এক আসামিকে তাদের কাছে হস্তান্তর করেছে। মাদারীপুরের রাজৈর থানায় তার নামে একটি মামলা থাকায় শনিবার রাতে তাকে ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম জানান, যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করে। বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে রাতেই তাকে রাজৈর থানায় আনা হয়েছে।