ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:২০ পিএম
বেনাপোল স্থলবন্দর। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত টানা তিন দিন বেনাপোল কাস্টমস, বন্দর এবং বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ তিন দিন এ পথে কোনো ধরনের আমদানি-রপ্তানি হবে না।

এ সময় বন্দরে কোনো পণ্য লোড-আনলোড কার্যক্রমও চলবে না। তবে শুধু ভোটের দিন বৃহস্পতিবার ইমিগ্রেশন বন্ধ থাকায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। অন্য বন্ধের দিনগুলোতে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি এবং ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি কাস্টমস হাউস ও বন্দরও বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার কারণে বৃহস্পতিবার এক দিন ইমিগ্রেশন বন্ধ থাকবে। আর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় কাস্টমস ও বন্দরের কোনো কার্যক্রম চলবে না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মো. শামীম হোসেন বলেন, এ বন্দরে দেশের কয়েকশ’ আমদানিকারকের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে টানা তিন দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় যাতে কেউ সেখানে প্রবেশ করে পণ্যের ক্ষতি বা কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন ও বেসরকারি নিরাপত্তা সংস্থাকেও সতর্ক রাখা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক হবে।