ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনির যাবজ্জীবন

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:১৪ পিএম
দণ্ডপ্রাপ্ত মামনি খাতুন। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনসিডিল রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের বেনাপোলের এক নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মামনি খাতুন যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

বুধবার (১৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোছা. ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত আসামির দুইতলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম। সকাল ১১টার দিকে বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার পশ্চিম পাশের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনি খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।