আমি ভোট ডাকাতি করে বা ভোট চুরি করে এমপি হতে চাইনি, চাইও না, এই বক্তব্য দিয়েই শৈলকুপায় এক দোয়া ও আলোচনা সভায় উপস্থিত সবার দৃষ্টি কাড়েন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, 'আমি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সোনার শৈলকুপা গড়তে চাই। অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যেসব উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে, যা আপনারা বাস্তবে দেখছেন। আজ আমি এখানে ভোট চাইতে আসিনি। আপনারা যাকে ভালোবাসেন, যাকে যোগ্য মনে করেন, তাকেই ভোট দেবেন।'
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ রেজার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব আবুল হাসেম। এ সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বাবলু, বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য উজির আলী, নাজিম উদ্দীন, মনোয়ার খান ও আবু দাউদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কয়েকশ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

