ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হরিণাকুণ্ডুতে যৌথ অভিযানে ককটেল সদৃশ ১২টি বস্তু উদ্ধার

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:২৫ পিএম
ককটেল সদৃশ বস্তু উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের মণ্ডলতোলা গ্রাম থেকে ককটেল সদৃশ ১২টি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মণ্ডলতোলা গ্রামের মো. রিয়াজ মণ্ডলের বসতবাড়ির পেছনের পরিত্যক্ত স্থান থেকে এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ১২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

উদ্ধারকৃত বস্তুগুলো নিরাপদে হরিণাকুণ্ডু থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এগুলো ককটেল বলে ধারণা করা হলেও বিশেষজ্ঞ পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।