১৮ বছর আগে খাগড়াছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আর্থসামাজিক খাতে ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। আমরা পাহাড়ি-বাঙালিদের বন্ধুত্ব চাই। কেউ কারও প্রতিপক্ষ নয়—আমরা সম্প্রীতি চাই।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগর, গাজীনগর, পলাশপুর, বাবুপাড়া, চৌধুরীপাড়া, মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া।
বিগত সতেরো বছরে উন্নয়নের নামে লুটপাট ও দুঃশাসনের অভিযোগ তুলে ধরে ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে বিএনপি তথা তারেক রহমানের কোনো বিকল্প নেই।’ তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে দুঃশাসন দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেন, “বিগত সরকারের মতোই একটি মহল আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে।” তিনি গ্রামে-গঞ্জে এসব অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


