ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য প্রায় ৬৬ হাজার টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।