কিশোরগঞ্জের ভৈরবে কাঠপট্টি নদীর তীরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ থানার পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভৈরব মেঘনা নদী পাড়া, কাঠপট্টির বাজারের বেড়িবাঁধে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নৌ থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তি হলেন আজমত আলী (৪৮), ঢাকা উত্তর সিটি করপোরেশন ক্যান্টনমেন্ট ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইসরাফিল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সময়ে আজমত আলী নেশাগ্রস্ত অবস্থায় বাজারে ঘোরাফেরা করছিলেন। সকালে নদীর পাড়ে মাথায় আঘাতপ্রাপ্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নৌ থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, আমার স্বামী ও আমি ঢাকায় থাকি। এক বছর আগে সাপমারা এলাকায় বাড়ি কিনে বসবাস শুরু করেছি।
শুক্রবার রাতে স্বামী বাড়ি থেকে বের হয় এবং আর ফিরে আসেনি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানায় আসি।
ভৈরব নৌ থানার ওসি রাশেদুজ্জামান জামান জানান, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় পাকা রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


