ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভৈরবে জুতার কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের পাকার মাথা এলাকায় রেনু ট্রেডার্স অ্যান্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে সকাল সাড়ে ৭টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে কারখানার প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করে কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কাজ করে বিশ্রামে যান শ্রমিকরা। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট হয়ে কেমিক্যালের ড্রামের ওপর পড়লে সাথে সাথে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন।