ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নিখোঁজের ২ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে প্রবাসফেরত অটোরিকশাচালক সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোহাগ একই এলাকার লালগাজী মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি গত এক বছর আগে বিদেশ থেকে এসে অটোরিকশা চালাচ্ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে সোহাগ নিখোঁজ হন। সোহাগের স্ত্রী শাহিনুর বেগম আট মাসের গর্ভবতী।

সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যান। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তারা বলতে পারছেন না।

তবে তিনি অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। এ কারণে তাকে হত্যা করে পার্শ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখা হয়েছে বলে তারা ধারণা করছেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, অটোরিকশাচালক সোহাগের মরদেহ তাদের বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।