ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে তুলার গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:২৩ পিএম
তুলার গোডাউনে আগুন। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় রিয়াজ উদ্দিন মানিকের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ইসলাম মার্কেট এলাকায় মঞ্জুরুল হক মোরশেদের এক তলা ভবনের খালি অংশে রিয়াজ তুলার গোডাউন দেয়। অন্য পাশে বাসার মালিক তার মাকে নিয়ে থাকতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে মোরশেদ তার মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অধিকাংশ তুলা পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিক বলেন, আগুনে আমার সব তুলা পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তাও বুঝতে পারছি না। এখন আমার পথে বসার অবস্থা সৃষ্টি হয়েছে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিন কুমার সাহা জানান, তুলার গোডাউন আগুনে পুড়ে ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের তিন পাশেই আবাসিক ভবন। আবাসিক এলাকায় এ ধরনের গোডাউন রাখা ঠিক হয়নি। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের বিপদ হতে পারতো। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।