ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ খোরশেদ, অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে প্রায় চার মাস ধরে খোরশেদ আলম (৬২) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে না পেয়ে ১০ মার্চ তার স্ত্রী আকলিমা আক্তার শিল্পী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে স্বামীর নিখোঁজের ঘটনায় শিল্পী তার ভাসুর তোফায়েল আহমেদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

নিখোঁজ খোরশেদ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২২ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয়ে খোরশেদ নিখোঁজ হন। পরে তার স্ত্রী আকলিমা আক্তার শিল্পী চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপরও খোরশেদের কোনো খোঁজ না পাওয়ায় ১০ মার্চ শিল্পী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে শিল্পী উল্লেখ করেন, ঘটনার দিন খোরশেদকে তার ভাই তোফায়েল আহমেদ ঘর থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে বের হন। এক সপ্তাহ পর তোফায়েল বাড়িতে ফিরলেও খোরশেদ আর বাড়িতে ফেরেননি। এ সময় শিল্পী তার স্বামীর বিষয়ে জানতে চাইলে তোফায়েল রূঢ় আচরণ করেন এবং তাকে পাগল আখ্যা দেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্বামীকে না পেয়ে শিল্পী থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নং–২৬১)। পরে স্বামীকে না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে শিল্পী দাবি করেন, তোফায়েলের হোটেল ম্যানেজার রহিম, কাশেম ও শিবলু বলাবলি করছেন- তার স্বামী খোরশেদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিডি বা বাড়াবাড়ি করলে তার ছেলেমেয়েকে বাড়িতে থাকতে দেবে না এবং হত্যা করবে বলে তোফায়েল হুমকি দিয়েছেন। খোরশেদকে সরিয়ে বা গুম করে তোফায়েল তাদের মালিকানাধীন জমির গাছপালা কেটে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন শিল্পী। এতে বাধা দিতে গেলে শিল্পীর চোখ তুলে ফেলার হুমকি দেন তার ভাসুর তোফায়েল।

এ ব্যাপারে জানতে তোফায়েল আহমেদের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছাব্বীর হোসেন পাটোয়ারী বলেন, ‘খোরশেদের নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনদের নাম দিতে বলা হয়েছে। এছাড়া তাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’