লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আট ইউনিয়নের আওয়ামী লীগের ২৭ ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকৃতরা বলেন, আওয়ামী লীগ করে দীর্ঘ ১৭ বছর তারা বঞ্চিত ছিলেন। শুধু বদনামের ভাগিদার হয়েছেন তারা। এ জন্যই আওয়ামী লীগ ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিলেন তারা।
যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন