ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদত্যাগ করলেন উপজেলা আ.লীগের সহসভাপতি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. আব্দুস সোহরাব। তিনি ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল চারটায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

এ সময় তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না।

আব্দুস সোহরাব বলেন, সবকিছু বিবেচনা করে তিনি স্বেচ্ছায় সহসভাপতি পদসহ অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। একই সঙ্গে মানবিক দিক বিবেচনা করে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। এই বয়সে দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই এখন বিশ্রামে যেতে চাই। সবকিছু বিবেচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তার এ পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।