মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে দীর্ঘদিন ধরে অনিয়ম, শিক্ষকদের অন্তর্দ্বন্দ্ব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালনার কারণে শিক্ষা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, অনেক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না, কলেজ সময়েও বাইরে আড্ডা দেন এবং দায়িত্বে অবহেলা করেন।
সরেজমিনে দেখা যায়, ৬২ জন শিক্ষক থাকলেও অনার্স শাখার বেশিরভাগ বিভাগে শিক্ষার্থী সংখ্যা খুবই কম এবং পাঠদান কার্যক্রম দুর্বল। কলেজ চলাকালীন সময়েও কিছু বিভাগ বন্ধ থাকে।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজ একসময় সুনাম অর্জন করলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনিক অস্থিরতা বেড়েছে। সাবেক অধ্যক্ষের অবসরের পর একাধিকবার নেতৃত্ব পরিবর্তনের ফলে সমন্বয়হীনতা তৈরি হয়েছে বলে জানা যায়।
এক শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হান্নান দরিয়া অনিয়মের কথা স্বীকার করে বলেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে; তবে প্রভাবশালী মহলের কারণে অনেক ক্ষেত্রে বাধার মুখে পড়তে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং বডির সভাপতি সাইফ-উল-আরেফীন জানান, অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



