ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৩:২২ পিএম
নিহত মো. আকিদুল হোসেন (৩৫)। ছবি : সংগৃহীত

মাগুরার ইছাখাদা এলাকায় গরুচোর সন্দেহে মো. আকিদুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এলে আকিদুল মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। এতে জনমনে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয় বলে দাবি করেন এলাকাবাসী। আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহত আকিদুলের স্ত্রী অধীফার জানান, আকিদুল গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামেন। পরে তাকে এই অবস্থা করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের ছেলে সানমুন জানান, আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ মিথ্যা। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দীর্ঘদিন সাইপ্রাস ছিলেন। দেশে ফিরে ঢাকাতে কাঁচামালের ব্যবসা করেন। তিনি গরু চুরির ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলেও জানান।

এদিকে, স্থানীয়রা গরু চুরি চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জানান, ভোর ৫টার দিকে আকিদুল নামে একজন ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরি করার সময় এলাকার লোক তাকে ধরে গণপিটুনি দেয়। পরে ৯৯৯-এ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আগের গরু চুরির মামলা রয়েছে। ঘটনার কারণ, জড়িত ব্যক্তি ও প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।