ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবে নিহত ২৭, নিখোঁজ ৮৩

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৮৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি পথে উল্টে যায়। প্রথমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরবর্তীতে তা বেড়ে ২৭ জনে পৌঁছায়।

উদ্ধার অভিযানে দেশটির উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জেলেরাও অংশ নিচ্ছেন। পাশাপাশি সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ১২ জন সেনা ডুবুরি, দুইজন চিকিৎসক এবং একজন যন্ত্রপ্রকৌশলী পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মারিজুয়ানা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তারা মারিজুয়ানা সেবন করেছিলেন কি না এবং দুর্ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানান, ফেরিটি বিকেলে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর প্রায় আট ঘণ্টা পর ফেরি থেকে বিপদসংকেত পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।