ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:০২ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার এক বছর পূর্তিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফুলেল শ্রদ্ধাঞ্জলি, এক মিনিট নীরবতা, দোয়া, স্মৃতিচারণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

২০২৫ সালের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলাম (সাগর)সহ মোট ৩৭ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন ২৮ জন শিক্ষার্থী, তিনজন অভিভাবক, তিনজন শিক্ষক এবং একজন সেবিকা।

প্রথম পর্বের কর্মসূচি সকাল ১০টায় দুর্ঘটনাস্থল হায়দার আলী একাডেমিক ভবনের সামনে নির্মিত স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়। এ সময় বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং মাইলস্টোন স্কুল দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.)।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বিকেল ৩টায় মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রধান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভা, নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান এবং মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)।

অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, নিহত শিক্ষার্থী তাসনিয়া হকের পিতা নাজমুল হক, আহত শিক্ষার্থী জাইয়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত এবং আহত শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্তর বাবা মো. মিজানুর রহমানসহ স্বজনরা সেই বিভীষিকাময় দিনের স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষাংশে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।