ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দেশে ফিরেই বাবাকে দেখতে রোজারিওতে মেসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের হতাশা নিয়ে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে দেশে ফেরার মূল কারণ ফুটবল নয়, অসুস্থ বাবা হোর্হে মেসির পাশে থাকা।

জানা গেছে, ফাইনালের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সরাসরি রোজারিওতে যান মেসি। বাবার শারীরিক অবস্থার খবর পেয়েই তিনি দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের বেশিরভাগ ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। ১৬ জন খেলোয়াড় দলীয় প্রতিনিধিদলের সঙ্গে বুয়েনস আইরেসে ফিরলেও মেসি সেই দলে ছিলেন না। তিনি সরাসরি রোজারিওতে গিয়ে পরিবারের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন।

পরিবারের সঙ্গে কয়েকদিন বিশ্রাম কাটানোর পর মেসি আবার যুক্তরাষ্ট্রে ফিরে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে তিনি ঠিক কবে দলে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে ইন্টার মিয়ামির সামনে এমএলএসে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে। শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লের বিপক্ষে সেই ম্যাচগুলোতে মেসিকে পাওয়া যাবে কি না, তা এখনো অনিশ্চিত।