মাগুরার শালিখা উপজেলায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার আড়পাড়া বাজারের ব্যবসায়ী হরসিত সাহাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে বলে জানা গেছে।
ভোর আনুমানিক ৫টার দিকে কালিগঞ্জ-আড়পাড়া সড়কে নিয়মিত হাঁটার সময় চুকিনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর তার বাড়িতে কাউকে না পাওয়ায় বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


