মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে মন্তব্য করা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বুধবার (২৪ জুন) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও আব্দুস সালাম গণমাধ্যমকর্মীদের সম্পর্কে জনসম্মুখে বিরূপ ও আপত্তিকর মন্তব্য করেছেন, যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদেরকে ধরতে হবে। দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।
তার এ বক্তব্য প্রকাশের পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিকরা এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও মন্তব্যটির সমালোচনা করে একে সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী বলে উল্লেখ করেন।

