মৌলভীবাজার জেলার রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে তারেক মিয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন কিশোর-যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় একই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সঙ্গে প্রতিবেশী আতিক মিয়ার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিক তারেকের বুক, হাত ও উরুতে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ সদর হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


