ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় একযোগে বিএনপি থেকে ২২ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে তাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদকে বহিষ্কার এবং সাবেক যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানকে বহিষ্কারের ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।
পদত্যাগকারীরা জানান, মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন নিয়ে চরম অবিচার করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের কাছে ৭৪ নেতাকর্মীর সমর্থন থাকা সত্ত্বেও মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন না দিয়ে কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী করায় তারা বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ থেকেই তারা বিএনপির সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনি প্রচারের মাঠে নামবেন। এ ছাড়া অচিরেই আরও নেতাকর্মী পদত্যাগ করতে পারেন বলেও তারা দাবি করেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সদস্য সচিব হানিফ প্রধান। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, মৎস্যজীবী দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত পদত্যাগপত্র আসেনি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর মন্তব্য করা যাবে।


