ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোল্লাকান্দির সহিংসতার সঙ্গে ধানের শীষের কোনো সম্পর্ক নেই: কামরুজ্জামান রতন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৭ এএম
গজারিয়া প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কামরুজ্জামান রতন। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে মোল্লাকান্দি এলাকা থেকে সব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোল্লাকান্দির সহিংসতায় নিজের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কামরুজ্জামান রতন বলেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, এই ঘটনার সঙ্গে আমার সমর্থকরা জড়িত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর সঙ্গে আমার কোনো কর্মী বা সমর্থকের ন্যূনতম সম্পৃক্ততাও নেই। মোল্লাকান্দিতে যা ঘটেছে, তা মূলত দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের ফল।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি পঞ্চসার ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেখান থেকেই বিষয়টি জানতে পারি। এ ধরনের অবৈধ অস্ত্র ও সহিংসতা আসন্ন নির্বাচনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের প্রতি আহ্বান—দ্রুত অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করুন।

নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দাবি করে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে দৃশ্যমান গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার ঠেকাতে কেউ কেউ মরিয়া হয়ে উঠেছে। কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমার নামে ভুয়া কল রেকর্ড তৈরি করে প্রচার করা হচ্ছে, আবার কখনো পত্রিকায় মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমি সাধারণ ভোটারদের অনুরোধ করবো—এ ধরনের অপপ্রচারে কান দেবেন না।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কামরুজ্জামান রতন বলেন, আমি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। স্বতন্ত্র প্রার্থী তার প্রতীক নিয়ে প্রচার চালাবেন—এটাই স্বাভাবিক। আমরা কেন তাকে বাধা দিতে যাব? এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।