মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে নিজের সংসদীয় এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন এমপি কামরুজ্জামান রতন।
রোববার (৮ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেন।
এদিন তিনি জেএমআই ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন এবং মুন সিএনজি পাম্পে যান। তিনি পাম্প মালিক, কর্মচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেন এবং জ্বালানি তেলের সরবরাহ ও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না তা খোঁজ নেন।
এ সময় এমপি কামরুজ্জামান রতন বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি করা যাবে না। কৃত্রিম সংকট সৃষ্টি, তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাম্প মালিকরা জানান, তারা সরকার নির্ধারিত নির্দেশনা মেনেই স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি করছেন এবং ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়ম করবেন না।
এদিকে স্থানীয় যানবাহনের চালকরাও বলেন, ফিলিং স্টেশনগুলোতে বর্তমানে স্বাভাবিকভাবেই জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলছে।
পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান রতন বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


