ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গজারিয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের এক কর্মচারীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গজারিয়া উপজেলার সাংবাদিক সমাজ। এ সময় তারা আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক আমার দেশের গজারিয়া প্রতিনিধি মো. আমিরুল ইসলাম নয়ন বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি ঘুষের টাকা গ্রহণ করছেন। সাংবাদিকরা সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। একজন চিহ্নিত ঘুষখোর মামলা করার সাহস পান কীভাবে—তার খুঁটির জোর কোথায়? এই মিজান বছরের পর বছর ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের কাছে তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। এই অসৎ কর্মচারীকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি এবং কলম বিরতিরও ঘোষণা দেওয়া হয়।

দৈনিক দেশ রূপান্তরের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ বলেন, অন্যায় করে ধরা পড়ার পরও তার দম্ভ কমেনি। তিনি প্রশ্ন তোলেন, ঘুষখোর মিজান কি আইনের ঊর্ধ্বে? এখনো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। মিজানের মতো যারা প্রশাসনের বিভিন্ন পদে বসে অপকর্মের সাম্রাজ্য তৈরি করেছেন, সাংবাদিক সমাজ লেখনীর মাধ্যমে সেই সাম্রাজ্য গুঁড়িয়ে দেবে। পাশাপাশি নেপথ্যে থেকে যারা তাকে সাহস জোগাচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জুয়েল দেওয়ান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিউদ্দিন আহমেদ, গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন, দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক বাংলার সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক রূপালী বাংলাদেশ ও মুন্সিগঞ্জ বার্তা পত্রিকার গজারিয়া প্রতিনিধি মো. খায়রুল ইসলাম হৃদয়, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, মিজানুর রহমান মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট। গত ১০ মার্চ তার ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৪ মার্চ মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন মিজানুর রহমান।