মুন্সীগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়ে আসছে। দুঃস্থ ও নিম্নআয়ের মানুষদের জন্য বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কম্পোজিট স্টেশন পদ্মায় একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৪১৩ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


