ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ আলমের কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। সংঘর্ষে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেকে ভালুকার বিভিন্ন এলাকায় রাত ৮টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।

ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রব্বানী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ জন আহত হন। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। এর জেরে বিএনপি প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর বেশ কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার পর ভালুকার সিডস্টোর বাজার এলাকায়ও দুই পক্ষের সংঘর্ষ হয়। তবে ওসি সাহেবসহ সব পুলিশ কর্মকর্তা মাঠে রয়েছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে হতাহতের সঠিক তথ্য জানা যাবে।’

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘সন্ধ্যার পর সংঘর্ষের সময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে শুনেছি, সিডস্টোর বাজার এলাকায় আবারও সংঘর্ষ চলছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’