ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ শিশু। বর্তমানে হাসপাতালে ৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৪৮ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৭০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে।

জেলার সিভিল সার্জন ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা ততটা বেশি নয়। হামে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।