ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই খালিদ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন পুরুষের মৃত্যুর হয়। আহত হন অটোচালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
এসআই খালিদ বলেন, একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধারের কাজ চলছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। তবে, নিহত পুরুষের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মাঝে হবে। নিহত দুই নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মাঝে হবে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

