মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কসমেটিকস কারখানায় কেমিস্ট ছাড়াই বিভিন্ন প্রসাধনী উৎপাদন এবং উৎপাদিত পণ্যের মান পরীক্ষা না করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ নিমতলা কোটগাঁও এলাকায় ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে অভিযান চালায়।
তিনি জানান, ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে কোনো যোগ্য কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব, আফটার শেভসহ বিভিন্ন কসমেটিকস পণ্য উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষারও কোনো ব্যবস্থা রাখা হয়নি, যা ভোক্তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবিলম্বে একজন যোগ্য কেমিস্ট নিয়োগ দিয়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে কসমেটিকস উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

