ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকায় চলন্ত পিকআপ আটকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি গরুসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মে) মধ্যরাতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জিঞ্জিরার মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গরুবোঝাই পিকআপটির পেছনে একটি সাদা রঙের পিকআপ গাড়ি ছিল। ঘটনাস্থলে পৌঁছালে পিকআপটি হঠাৎ সামনে এসে আমাদের গরুবোঝাই পিকআপটির গতিরোধ করে।
এ সময় পিকআপে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। ছিনতাইকারীদের পিকআপে থাকা আরও ৭-৮ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং চালক সাইফুল ইসলামকে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেয়।
পরে দুর্বৃত্তরা গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম ও চালক সাইফুল ইসলামের চোখে কালো কাপড় বেঁধে প্রায় ২০ মিনিট বিভিন্ন স্থানে ঘুরিয়ে ভুক্তভোগীদের বিভ্রান্ত করে এবং মারধর করে। এ সময় তারা বুঝে উঠতে পারেননি কোথায় আছেন বা কী ঘটছে।
ঘটনার একপর্যায়ে পিকআপ চালকের সহকারী সাগর কোনোভাবে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের আর পাওয়া যায়নি।
আরেক গরু ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, তিনি সোমবার হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে তিনটি গরু কিনে রাত ৯টার দিকে পিকআপে করে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে পাঠান। গরুগুলোর মধ্যে লাল, কালো ও কাজলা রঙের বড় আকারের তিনটি গরু ছিল, যার মোট মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা।
তিনি আরও জানান, রাত ১টার দিকে হাজিরবাজার এলাকায় পৌঁছালে গরুসহ পিকআপটি ছিনতাই হয়। পরে থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা গ্রহণে বিলম্ব হলেও মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযোগ গ্রহণ করে পুলিশ।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘একটি গাড়ি আরেকটি গাড়িকে চাপ দিয়ে তিনটি গরুসহ পিকআপ নিয়ে গেছে। লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’


