ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নান্দাইলে বিল-খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বেহত্তর বিল, বারুইপুরী বিল ও বাইমা বিলের বেদখল হওয়া খাল পুনরুদ্ধার এবং পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের খড়িয়া গ্রামে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খড়িয়া, শিবপুর ও জাহাঙ্গীরনগর গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেহত্তর বিল, বারুইপুরী বিল ও বাইমা বিলের খাল দখল ও ভরাট হয়ে থাকায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। দ্রুত খাল পুনরুদ্ধার ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

মো. আব্দুল জলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা আবুল কাশেম, মাওলানা হাবিবুর রহমান, আব্দুস সালাম মাস্টার, তফিকুল ইসলাম, বিএনপি নেতা আলাল উদ্দিন, কৃষক শামস উদ্দিন, মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা দাবি করেন, খালগুলো পুনরুদ্ধার ও খনন না হওয়ায় প্রতিবছর প্রায় ৩ থেকে ৪ হাজার মণ ধান ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৫ হাজার একর কৃষিজমি অনাবাদী পড়ে থাকে। এতে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বেহত্তর বিল, বারুইপুরী বিল ও বাইমা বিলের খাল পুনরুদ্ধার ও পুনঃখননের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং হাজারো কৃষক উপকৃত হবেন।