বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত পাকিস্তানের বেলুচিস্তানজুড়ে তারা ৪৮টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৪০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ বলেন, তাদের যোদ্ধারা পাকিস্তানি সামরিক কনভয়, রসদবাহী যান, পদাতিক টহল, সামরিক ক্যাম্প, পুলিশ ফাঁড়ি, সেতু এবং খনিজ ও অন্যান্য সম্পদ পরিবহনকারী যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিএলএ জানায়, মাস্তুং, নোশকি, পাঞ্জগুর, কেচ, জিয়ারাত, হারনাই, খারান, ওয়াশুক, বুলেদা, সুরাব, খুজদার, কালাত, ওয়াধ ও দলবন্দিনসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে।
সংগঠনটি দাবি করেছে, এসব অভিযান বেলুচিস্তানের প্রধান মহাসড়কগুলোতে তাদের বৃহত্তর কার্যক্রম এবং তথাকথিত ‘অর্থনৈতিক অবরোধ’-এর অংশ।
তাদের দাবি, অবরোধ অমান্যকারী যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং বিস্ফোরকের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন, বেলুচিস্তান থেকে পাকিস্তানি বাহিনী প্রত্যাহার এবং স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে বিএলএ’র এসব দাবির বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

