ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নওগাঁ সদরে বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁয় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ এবং কৃষানি মোস্তারি মুক্তি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোতালেব হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, এ বছর জেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। সদর খাদ্যগুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ ছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে।