ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে আকিবুল ও সাফুয়ান নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আকিবুল ও সাফুয়ান নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার ব্যবসায়ী সিদ্দিকের ছেলে। বড় ভাই আকিবুল একটি মাদ্রাসায় হাফেজি পড়তেন এবং ছোট ভাই একটি কিন্ডারগার্টেনে ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের স্বজনরা জানান, গত বুধবার রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার চাদর ব্যবসায়ী সিদ্দিকের দুই ছেলে আকিবুল ও সাফুয়ান তাদের মায়ের সঙ্গে আড়াইহাজারের কলাগাছিয়া এলাকায় নানা তাইজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলতে গেলে ফুটবলটি পুকুরে পড়ে যায়। এ সময় দুই ভাই ফুটবলটি পুকুর থেকে তুলে আনতে গেলে তারা দুজনই পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।