ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না : খোকন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:২১ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর এই দেশে কোনো জনগণের সরকার ছিল না। জনগণের নির্বাচিত কোনো সরকার ছিল না। একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক একটি মাফিয়া সরকার, দানবীয় সরকার, একটি ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে প্রশাসনযন্ত্র ব্যবহার করে, গায়ের জোরে তারা রাষ্ট্রের ক্ষমতা দখল করে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা-মামলা করেছিল। লুটপাট করে উন্নয়নের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল।

তিনি বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা এই দেশের মানুষের কল্যাণে কাজ করে নাই।  জনবিচ্ছিন্ন হয়ে গণবিরোধী অপরাধ, গণহত্যা, গণবিরোধী, মানবতাবিরোধী অপরাধ, লুটপাট করার কারণে আজকে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

এ সময় নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

এ সময় ২১ জনের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও ১৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বাতা প্রদান করা হয়।