ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, একজনের কারাদণ্ড; ধ্বংস ৫ ড্রেজার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:৩২ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাবুল মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত মোট পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার পৃথক কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার ঝালরচর গ্রামের সোনা মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি ও বাসেতপুর এলাকায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। অভিযানে সবুজপুর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বাসেতপুর এলাকায় এক বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।