ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নলডাঙ্গায় মানববন্ধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:২৩ পিএম
নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নলডাঙ্গা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে নলডাঙ্গা সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সব শিক্ষকের পক্ষ থেকে এটি আমাদের প্রাণের দাবি অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে ১০ বছর আগের পে-স্কেলে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

তারা আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি, জাতীয় নির্বাচনের আগেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান বেতন-ভাতা দিয়ে শিক্ষা উপকরণ, বাসাভাড়া ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটানো দুঃসাধ্য হয়ে উঠেছে। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মোসারফ হোসেন, সহসভাপতি মো. মোতালেবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, প্রচার সম্পাদক মো. মনজুরুল আলম, দপ্তর সম্পাদক অমল কুমার প্রাং ও অর্থ সম্পাদক মো. রহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।