ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, মন্দির, রাস্তা এবং যে সকল অবকাঠামো অসম্পূর্ণ রয়েছে সেগুলো আমি ঠিক করব ইনশাল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলার সহদহ ইউনিয়নের সাদিপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। কেউ বাদ যাবে না। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের বেতন নিশ্চিত করা হবে। শুধু চারঘাট-বাঘা নয়, সারা দেশের যে সকল এলাকায় জলাবদ্ধতা রয়েছে সেসব এলাকায় খাল খনন করা হবে, যাতে ফসল ফলাতে সুবিধা হয়। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।’
এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, চারঘাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন