জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সেকেন্দার আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত সেকেন্দার আলী একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মণ্ডলের ছেলে।
রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সেকেন্দার আলী পাঁচবিবি বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পুটারবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই অপর একটি ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সেকেন্দার আলী বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন