ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন স্থাপিত একটি টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন নামের এক বাসিন্দা গৃহস্থালির ব্যবহারের জন্য এক মাস আগে তার বাড়ির পাশে প্রায় ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন।

টিউবওয়েল স্থাপনের পর থেকেই পানির সঙ্গে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল এবং পানি ওঠার সময় বুদবুদ শব্দ হচ্ছিল। এ কারণে পরিবারটি পানি ব্যবহার করতে পারছিল না।

পরে বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

আব্দুল মতিন বলেন, প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করি, তখনই আগুন জ্বলে ওঠে। আমরা এখন আতঙ্কে আছি। দ্রুত পরীক্ষা করার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।