ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ থাকায় গত তিন দিন ধরে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে নির্দেশনা অমান্য করে কেউ নৌযান চালালে তার দায় সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার আশায় অপেক্ষা করলেও উত্তাল নদীর কারণে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই চলাচল করেনি। ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

ইউএনও রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকা এবং অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত প্রত্যাহার করা হলে নৌ চলাচল আবার স্বাভাবিক হবে।