ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

আদমদীঘিতে দুই হ্যাচারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়া মৎস্য হ্যাচারি পরিচালনার দায়ে দুই হ্যাচারি মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার তালসন ও কদমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কয়েকটি মৎস্য উৎপাদনকারী হ্যাচারি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করেই ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে তালসন স্টেশন রোডে অবস্থিত শাহাদৎ মৎস্য হ্যাচারিতে লাইসেন্স নবায়ন ছাড়া হ্যাচারি পরিচালনার দায়ে বর্তমান স্বত্বাধিকারী বেলাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারির মালিক মো. মিঠুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, সরকারি বিধি-বিধান অমান্য করে পরিচালিত হ্যাচারিগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।