যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন চলাকালীন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন শিশুসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১তম স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারী বুকে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অন্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬, ৭, ১২ এবং ১৪ বছর।
এনওয়াইপিডি জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী একটি পরিবার বাড়ির উঠোনে বারবিকিউ করছিল। এ সময় কালো পোশাক পরা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেড়ার কাছে এসে একাধিক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ঘটনাটির আগে কোনো তর্ক বা বচসার ইঙ্গিত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে একই ব্লকে একটি গ্যাং-সম্পর্কিত হত্যাকাণ্ড ঘটেছিল। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গুলিবিদ্ধ ৮ জনকে দ্রুত স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

