ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, থাকতে বলা হয়েছে সতর্ক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে টানা ভারী বৃষ্টিপাতের কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। এ পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

শনিবার (৪ জুলাই) পৌর কর্মকর্তারা জানান, রাতভর মুম্বাই ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ রোববার (৫ জুলাই) সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দিনভর অব্যাহত বর্ষণ এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট বহাল রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শহরের বেশ কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এলাকায় প্রায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিএমসির স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্রে সর্বোচ্চ ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিসে। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশনে ৩০৬ দশমিক ৬ মিলিমিটার এবং ভিখরোলির ট্যাগোর নগর মিউনিসিপ্যাল স্কুলে ৩০১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এ ছাড়া মালাবার হিল, মান্ডভি ফায়ার স্টেশন, কোলাবা, মেমনওয়াড়া ফায়ার স্টেশন, ভিখরোলি ফায়ার স্টেশন, পাওয়াইয়ের পাসপোলি মিউনিসিপ্যাল স্কুল, ভান্ডুপ কমপ্লেক্স, আন্ধেরি ফায়ার স্টেশন, চাকলা মিউনিসিপ্যাল স্কুল, গোরেগাঁওয়ের যোগেশ্বরী এবং আরে কলোনিসহ বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

কর্মকর্তারা জানান, মেট্রো এবং বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর বাস চলাচল স্বাভাবিক থাকলেও শহরতলির রেলসেবায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

বিএমসি নাগরিকদের সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার জন্য পৌর সংস্থার হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে আজ বিকেল ৩টা ২২ মিনিটে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ারের আশঙ্কা থাকায় নিচু ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের পূর্বাভাস রয়েছে।

গতকাল মাত্র ১২ ঘণ্টায় মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে নিচু এলাকা প্লাবিত হয়, বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়ে, গাছ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।

অবিরাম বৃষ্টির প্রভাবে পার্শ্ববর্তী থানে, পালঘর, নভি মুম্বাই ও পুনেতেও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বিভিন্ন এলাকায় ভূমিধস, জলাবদ্ধতার কারণে সড়ক বন্ধ এবং বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

আইএমডি জানিয়েছে, রোববার মুম্বাই ও আশপাশের এলাকায় কয়েকটি স্থানে অতি ভারী এবং বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

গতকাল বিকেলে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় সেন্ট্রাল রেলওয়ে ও ওয়েস্টার্ন রেলওয়ের শহরতলির ট্রেন চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পাশাপাশি প্রযুক্তিগত ত্রুটির কারণে মেট্রোর লাইন–২এ-এর পরিষেবাও সাময়িকভাবে বিঘ্নিত হয়।